যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

Showing posts with label আমার রবীন্দ্রনাথ. Show all posts
Showing posts with label আমার রবীন্দ্রনাথ. Show all posts

এভাবেও কি রবীন্দ্রচর্চা হয়?

শেষ কবে তোমায় রবীন্দ্রনাথ পড়তে দেখেছি ঠিক মনে নেই। বোলপুরের সেই তপ্ত দুপুরে হোটেল আশীর্বাদের থার্ড ফ্লোরে এক কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে আমাকে শুনিয়েছিলে “নির্ঝরের স্বপ্নভঙ্গ”। সেই প্রথম চিনেছিলাম তোমার রবীন্দ্রনাথকে, যাকে তোমার মত করে বুঝেছিলাম। আর আজ যখন দেখি সিটি সেন্টারের পাশে এক রেস্তোরায় বড়লোকের বখাটে ছেলেমেয়েরা চর্চা করছে রবীন্দ্রনাথ, তখন আবার তাদের মত করে চিনি। তাদের দেখে শুধু তোমার কথা মনে পড়ে আজ। সেই তোমার ঠোঁটের দিকে নিস্পলক চেয়ে থাকা। আজ জানতে ইচ্ছে করে এক হাতে ভদকার গ্লাস আর অন্য হাতে সঞ্চয়িতা, এভাবেও কি রবীন্দ্রচর্চা হয়?  

আমার রবীন্দ্রনাথ

আমার চিলেকোঠার ঘরে একফালি রোদ্দুর আমার রবীন্দ্রনাথ
আমার প্রেমে অপ্রেমে, ব্যর্থ রাতের অশ্রুধারায় শান্তির সংস্থান আমার রবীন্দ্রনাথ
বৈশাখের দাবদাহে, বাদলের প্লাবনে আর ২২ শে শ্রাবণে আমার রবীন্দ্রনাথ
নির্ঝরের স্বপ্নভঙ্গে, বাউলের একতারায় দিক্বিদিক আমার রবীন্দ্রনাথ।